ভাষা শেখা সবসময়ই মজার। ফুল কুড়িয়ে মালা গেঁথে যাওয়ার মতো। ফুল হচ্ছে নতুন সব শব্দ; সুঁই হল আমার মাথায় আসা নতুন বাক্যটা, যাকে ভাষান্তর করতে চাই; সুতা হচ্ছে ব্যকরণ মিলিয়ে ঠিক শব্দের পাশে ঠিক শব্দ লিখতে পারা; আর শেষমেশ যখন একটা অর্থ দাঁড়ালো, হয়ে গেল মালাটা!
যত জানবেন, খেলাটা ক্রমেই ততো মজার হয়ে উঠতে থাকবে। এই মজা ছাড়াও ভাষা শেখার বেশ অনেকগুলো উপকারিতা আমরা জানি। এই ধরুন,
★ মস্তিষ্ককে সচল রাখে। নতুন একটা ভাষা শেখা মস্তিষ্ককে মনযোগী করতে ও কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
★ নিজের মাতৃভাষাকে আরো ভাল করে জানতে সাহায্য করে। আরো বেশি করে ভালবাসতে সাহায্য করে।
★ একেবারে ভিন্ন একটা নতুন সংস্কৃতিতে ডুব দেয়া যায়। একটা ভাষা শুধু কিছু শব্দ-সমষ্টি না। ভাবে রসে পরিপূর্ণ। যত আপনি একটা ভাষাকে জানবেন, তত সেই স্থানীয়দের জীবনাচরণের সাথে পরিচিত হবেন। ইতিহাসকে জানবেন। তাদের বিশ্বাস, ধ্যান ধারণার সাথে পরিচিত হবেন।
★ নিজের গন্ডি পেরিয়ে নতুন একটা বিশ্ব আবিষ্কার করা যায়। আপনার চির পরিচিত কথা বলার ধরণগুলো, গানের সুরগুলো, কবিতার ছন্দগুলোর বাইরেও যে কত কত ভিন্নতা ভরপুর আছে,
★ মন খোলা/সংস্কারমুক্ত করার পাশাপাশি সমানুভূতিশীল করে। এমনকি এটি ব্যক্তিত্বের ভিন্নতা ঘটায়।
★ নতুন ভাষা শেখা, অক্ষর নিয়ে খেলা করা মনে অন্যরকম আনন্দ আনে।
★ ব্যকরণ যে শুধু চর্ব্যচোষ্য কিছু নয়, বরং একটা নতুন ভুবনে ঢোকার চাবি, এবং প্রতিটা ভুবনে তার যে কত আলাদা আলাদা রূপ, সেটা উপলব্ধি কর যায় কেবল নতুন ভাষা নিয়ে মাথা ঘামালেই।
★ ভাষা শেখা শৃঙ্খলা শেখায়। নতুন কৌশল আবিষ্কার করতে শেখায়।
★ নিজেকে যাচাই করার সুযোগ দেয়। একেকজনের শেখার ধরণ একেকরকম৷ আপনার সাথে কোনটা ভাল যায়, সেটা চাপে না পড়া পর্যন্ত বোঝার উপায় নেই। বুড়ো বয়সে ভাষা শিখতে গেলে সেই চাপটার মুখে পড়তেই হবে; যেহেতু এখন আর আঙুল ধরিয়ে কেউ ভাষা মুখস্ত করিয়ে দেবে না। আর এই নানান রকম কলা কৌশল প্রয়োগ করতে গিয়ে ক্রমে আপনি নিজেকে আবিষ্কার করতে শুরু করবেন!
★ আত্মবিশ্বাস বাড়ায়। শুরুতে কিছুদূর গিয়ে ভাষার এত গলি ঘুপচি দেখে হতাশ হবেন বটে, কিন্তু যখনই ভাষার ধরণটা বুঝে যাবেন, মিলিয়ে মিলিয়ে নিজেই ব্যাকরণ সাজাতে পারবেন বইয়ের সাহায্য ছাড়াই, সে সময়ের আত্মবিশ্বাসের সাথে কিছুর তুলনা চলে না!
★ আপনি যত জানবেন, তত একাত্মতা বোধ করবেন পৃথিবীর সাথে। নিজেকে ধর্ম জাতি নির্বিশেষে অন্য যেকোনো দেশের সংস্কৃতির মানুষের মতোই একটা সাধারণ মানুষ বলে ভাবতে পারবেন।
কারণ যেটাই হোক, নতুন কিছু শেখা জীবনের পাতায় সবসময়ই নতুন কিছু অধ্যায় জুড়ে দেয়। আপনি যে রাস্তাই ধরবেন, ঘুরে ফিরে তা আপনাকে জ্ঞানের রাস্তায় নিয়ে যাবে।
শেখা হোক আনন্দময়!
Informative!
উত্তরমুছুন